ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

গৌরীপুরে পাগলা কুকুরের আক্রমণে জনমনে আতঙ্ক

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | জুলাই ১০, ২০২৬, ০৯:১৮ পিএম গৌরীপুরে পাগলা কুকুরের আক্রমণে জনমনে আতঙ্ক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে পৌর শহরের পাটবাজার মোড়ে দোকান খুলতে গিয়ে এক ব্যবসায়ী পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খোলার সময় হঠাৎ একটি উন্মত্ত কুকুর ওই ব্যক্তির ওপর আক্রমণ চালিয়ে তাকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। একই দিনে আরো বেশ কয়েকজনকে কামড়িয়েছে বলে খবর পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত পাগলা কুকুরটি শনাক্ত করে আটক বা অপসারণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কুকুরের কামড়ে আক্রান্ত হলে ক্ষতস্থান সঙ্গে সঙ্গে প্রবাহমান পানি ও কাপড় কাচার সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ধরে ধুয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা উচিত।

কালের সমাজ/কে.পি
 

Link copied!