ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, ইভটিজিং-মাদক নির্মূলে কঠোর ব্যবস্থার তাগিদ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | আগস্ট ২৪, ২০২৬, ০৮:২৭ পিএম মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, ইভটিজিং-মাদক নির্মূলে কঠোর ব্যবস্থার তাগিদ

নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, সড়ক নিরাপত্তা ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, মাদক ও ইভটিজিং সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ নির্মূলে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, ইভটিজিং কোনোভাবেই সহ্য করা হবে না। 

শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে নজরদারি বাড়াতে হবে। কোথাও ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ডা. ইকরামুল বারী টিপু আরও বলেন, “মান্দাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।” 

সভায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান জোরদার, মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব-উল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। 

এ ছাড়া ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফল আলী মন্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেসুর রহমান কামরুল, নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়েদুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম এবং পরানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!