ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৪, ২০২৬, ০৭:৩৯ পিএম অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সও এখান থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

কক্সবাজার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ দেখিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়েও সরকারের প্রস্তুতি চলছে বলে জানান বিমানমন্ত্রী। আগামী ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এর নির্মাণ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি হওয়ার কথা রয়েছে।

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে যাত্রীদের জন্য উন্নত ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

কালের সমাজ/কে.পি

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!