ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পেতে যাচ্ছে এপিবিএন

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৪, ২০২৬, ০৮:৪৩ পিএম ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পেতে যাচ্ছে এপিবিএন

আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৯ সালের ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’-এর ভিত্তিতে গঠিত এপিবিএনের কার্যক্রমকে সময়োপযোগী ও আরও জনবান্ধব করার লক্ষ্যেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনটি বাংলায় তৈরি করা হয়েছে এবং জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন আইনে বিদ্যমান অধ্যাদেশটি বাতিল করার প্রস্তাব রাখা হয়েছে। তবে ওই অধ্যাদেশের অধীনে এরই মধ্যে সম্পন্ন হওয়া কার্যক্রম ও নেওয়া পদক্ষেপের বৈধতা বহাল রাখার বিধানও রাখা হয়েছে।

খসড়া অনুযায়ী, পুলিশ বাহিনীর অধীন এপিবিএন একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ ও ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া এবং সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষার দায়িত্ব এ বাহিনীর ওপর থাকবে।

এ ছাড়া সন্ত্রাসবাদ, মাদক, মানবপাচার, ধর্ষণ এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে এপিবিএন।

প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য প্রচলিত আইন অনুসরণ করে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং এসব আদালতে বিচার পরিচালনার জন্য প্রয়োজনীয় বিধান রাখার প্রস্তাবও রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

কালের সমাজ/কে.পি

 

 

 

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!