ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি কাজল

জেলা প্রতিনিধি, কক্সবাজার | জুলাই ১১, ২০২৬, ১০:২৪ পিএম ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি কাজল

কক্সবাজারে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত তিনি সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন।

পরিদর্শনকালে তিনি রামু উপজেলার মিঠাছড়ি ও রাজারকুল, ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজার, বংকিম বাজার, মাইজপাড়া, হাসপাতাল সড়ক, জালালাবাদ এবং সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় নদীভাঙন ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শনের পাশাপাশি অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, আর্থিক সহায়তা এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে এমপি লুৎফুর রহমান কাজল বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। তিনি আরও বলেন, "বিএনপি সব সময়ই গণমানুষের দল হিসেবে কাজ করে এসেছে। পানিবন্দি ও অসহায় মানুষের জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।"

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগ মোকাবিলায় মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গত পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় জরুরি সামগ্রী বিতরণ করা হয়।

পরে এমপি লুৎফুর রহমান কাজল পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/এসআর

Link copied!