ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ভারী বৃষ্টিপাত

শুক্রবার পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

জেলা প্রতিনিধি, বান্দরবান | জুলাই ৭, ২০২৬, ১১:১৭ এএম শুক্রবার পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
ছবি সংগ্রহ

টানা দুই দিনের ভারী বর্ষণ এবং বিরূপ আবহাওয়ার কারণে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার রাতে জারি করা জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, সাম্প্রতিক সময়ে অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কাও বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে টানা বর্ষণে বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে একটি নৌকাডুবির ঘটনা ঘটলেও সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে আলীকদম উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় কৃষিজমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছু ঘরবাড়িও পানিতে তলিয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন অনেক পরিবার।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরও ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জুলাই থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষ এবং ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবান ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

কালের সমাজ/ এ  এইচ বি 

Link copied!