চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরুতেই গোল হজম করে লিওনেল স্কালোনির দল। পরে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। ফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিশর।
মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে ১৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত হেডে মিশরকে এগিয়ে দেন ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। মারওয়ান আতিয়ার নেওয়া কর্নার থেকে পাওয়া বলে পোস্টের ডান দিকের নিচের কোণ দিয়ে জালে বল পাঠান তিনি।
গোল হজমের ছয় মিনিট পরই সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। তাগলিয়াফিকোকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় দলটি। ২১তম মিনিটে স্পট কিক নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তবে তার বাম পায়ের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।
এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। বিশ্বকাপে এখন পর্যন্ত নেওয়া ৮টি পেনাল্টির মধ্যে ৪টিই মিস করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
পেনাল্টি ঠেকানোর পরও একাধিকবার আর্জেন্টিনার আক্রমণ রুখে দেন মোস্তফা। ২৮তম মিনিটে রদ্রিগো ডি পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড এবং ৩৯তম মিনিটে হুলিয়ান আলভারেজের জোরালো শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন তিনি।
অন্যদিকে ৩৮তম মিনিটে মেসির একটি দূরপাল্লার শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

