ময়মনসিংহে ১৪তম উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘদিনের দাবির পর গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে গফরগাঁও উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে উপজেলার দক্ষিণাঞ্চলের মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাঙ্গাব-এই আটটি ইউনিয়ন নিয়ে ২০১২ সালে দত্তের বাজার ইউনিয়নের পাগলা বাজারে পাগলা থানা প্রতিষ্ঠা করা হয়। উপজেলা সদর থেকে এসব ইউনিয়নের দূরত্ব বেশি হওয়ায় প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ এবং জনসেবার সুবিধা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে নতুন উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান নির্বাচিত হওয়ার পর নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে আবেদন করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশনায় গফরগাঁও উপজেলা প্রশাসন সম্ভাব্যতা যাচাই শেষে চলতি বছরের ২৯ এপ্রিল নতুন উপজেলা গঠনের প্রস্তাব পাঠায়। প্রস্তাবটি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের দপ্তর হয়ে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।
এর আগে গত ৩০ মার্চ প্রস্তাবিত ‘পাগলা’ উপজেলার নাম পরিবর্তনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আধা সরকারি (ডিও) পত্র দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।
প্রশাসন সূত্র জানায়, বুধবার অনুষ্ঠিত নিকারের ১২১তম সভার নোটিশের ৫ নম্বর এজেন্ডায় পাগলা থানাধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই এলাকার নতুন উপজেলার নাম ‘দক্ষিণ গফরগাঁও’ নির্ধারণ করে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ঐতিহ্য রক্ষা করে দক্ষিণ গফরগাঁও উপজেলা করা হয়েছে। দ্রুত এটি বাস্তবায়নের দিকে যাবে।
কালের সমাজ/কে.পি

