ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

রামপালে অনুমোদনহীন চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট | জুলাই ১, ২০২৬, ০৫:১৭ পিএম রামপালে  অনুমোদনহীন চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

বাগেরহাটের রামপাল উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং স্থানীয় জনসাধারণের সম্মতিক্রমে দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার রাজানগর ইউনিয়ন এর বড় দুর্গাপুর এলাকায় মঞ্জু বালা মণ্ডলের মালিকানাধীন অপূর্ব টিস্টল নামের দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী দোকানটি থেকে কেনা অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনের প্রাসঙ্গিক ধারায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে স্থানীয় জনগণের সম্মতিক্রমে দোকানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস তামান্না ফেরদৌসীবলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, অভিভাবক ও সাধারণ জনগণকে শিশুদের জন্য অনুমোদিত ও নিরাপদ খাদ্যপণ্য কেনা এবং মেয়াদ ও মান যাচাই করে খাদ্য গ্রহণে সচেতন থাকতে হবে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!