ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

কালের সমাজ ডেস্ক | জুন ২৫, ২০২৬, ০৮:৩৭ পিএম নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করেই চুপিসারে ঘোষণা করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। বিষয়টি নিয়ে পৌরবাসী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।
 

গত অর্থবছরে পৌরসভার বাজেটে ৪৭ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা আয় এবং ৪৬ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বাজেটে উল্লেখিত অধিকাংশ উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবে দৃশ্যমান নয় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের আমন্ত্রণ না জানিয়েই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন নাঙ্গলকোট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান। 

নতুন বাজেটের আকার ধরা হয়েছে ৪৯ কোটি ৬০ লাখ ৫৬৮ টাকা। সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৭ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৫৬৮ টাকা। স্থানীয়দের অভিযোগ, পূর্ববর্তী বাজেট বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতেই এবার নীরবে বাজেট ঘোষণা করা হয়েছে।
 

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাস্তা নির্মাণে ১৬ কোটি টাকা, ড্রেন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ৬ কোটি ৬৫ লাখ টাকা, পৌর সুপার মার্কেট নির্মাণে ২ কোটি টাকা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে ১ কোটি ২০ লাখ টাকা, সড়ক আলোকায়নে ১ কোটি ১০ লাখ টাকা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৮২ লাখ টাকাসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছিল। এছাড়া স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, ইপিআই কার্যক্রম ও নাগরিক বিনোদনের জন্যও বরাদ্দ ছিল। কিন্তু এসব প্রকল্পের অধিকাংশের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌর নাগরিক সমাজের প্রতিনিধিরা।
 

এ বিষয়ে নাঙ্গলকোট পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ জানান, গত অর্থবছরের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কাজ বাস্তবায়ন হয়েছে। তবে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে বা মোট কত টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে—এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি তিনি। বরং এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদককে তার কার্যালয়ে দেখা করার অনুরোধ জানান।
 

অন্যদিকে, নাঙ্গলকোট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। নাঙ্গলকোট পৌরসভার বাজেট বাস্তবায়ন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়ে এখন জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পৌরবাসীর দাবি, নতুন বাজেট ঘোষণার পাশাপাশি আগের অর্থবছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবও জনসম্মুখে প্রকাশ করা হোক।

কালের সমাজ/কে.পি

Link copied!