ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল | জুন ২০, ২০২৬, ১২:৩০ পিএম কূপ থেকে ছাগল তুলতে গিয়ে  বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত  কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত সকলের গারো নৃগোষ্ঠীর।

শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে।

মৃত ব্যক্তি হচ্ছে,  টেলকি এলাকার বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), গ্যাব্রিয়েল (৪০) ও প্রতিবেশী রতন নকরেক (২৭)।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস, স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়া এবং এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়।

ছাগলটি তুলতে প্রথমে কূপে নামে কিশোর নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন বাবুল হাদিমা।

একইভাবে এরপর গ্যাব্রিয়েল এবং সবশেষে রতন কূপে নামেন। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অক্সিজেনশূন্য পরিত্যক্ত কূপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা একে একে চারজনের মরদেহ উদ্ধার করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে চারটি মরদেহ বুঝে পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
কালের সমাজ/এএইচবি 

Link copied!