ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভয়াবহ এক গণধর্ষণ

নারীর স্পর্শকাতর স্থানে মিলল গুলি, পাথর ও কাঠের টুকরো

কালের সমাজ ডেস্ক | জুন ১৯, ২০২৬, ১২:২২ পিএম নারীর স্পর্শকাতর স্থানে মিলল গুলি, পাথর ও কাঠের টুকরো

বিহারের বেগুসরাই জেলায় এক নারীর ওপর ভয়াবহ নির্যাতন ও গণধর্ষণের ঘটনা ঘটেছে। চিকিৎসার সময় তার স্পর্শকাতর স্থানে একটি করে গুলি, পাথর ও কাঠের টুকরো পাওয়ার পর ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ঘটনাটি ঘটে গত ১১ জুন রাতে চাকিয়া থানার এলাকায়। ভুক্তভোগী জানান, রাত প্রায় সাড়ে ১১টার দিকে তিনি শৌচাগারে গিয়েছিলেন, তখন পাঁচজন পুরুষ জোর করে তার বাড়িতে ঢুকে তার স্বামীকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। তিনি শৌচাগার থেকে বাইরে এলে তারা তার মুখ চেপে ধরে। পরে হামলাকারীরা তাকে বাড়ির বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। তিনি চিৎকার করার চেষ্টা করলে তারা একটি ব্লেড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থান কেটে দেয়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিকভাবে ব্যথার কারণ স্পষ্ট হয়নি। তবে পরবর্তীতে আরও পরীক্ষায় তার শরীর থেকে একটি বুলেট, পাথর ও কাঠের টুকর বের করা হয় বলে চিকিৎসকরা জানান।

ভুক্তভোগী বলেন, আমি আমার ছোট ননদকে ফোন করি এবং সে এসে আমার স্বামীকে বের করে আনে ও পুলিশকে খবর দেয়। পরে আমরা বড়ৌনি হাসপাতালে যাই এবং সেখান থেকে আমাদের সদর হাসপাতালে পাঠানো হয়। আমার চিকিৎসা করা হয়েছিল, কিন্তু আমার গোপনাঙ্গে ক্রমাগত ব্যথা হচ্ছিল। প্রাথমিক পরীক্ষার সময় ডাক্তাররা বলেন, অপরাধের সময় পাওয়া আঘাতের কারণেই এই ব্যথা। তারপর আমরা বাড়ি ফিরে আসি।

তিনি আরও বলেন, এরপরও আমার খুব ব্যথা হচ্ছিল, তাই আমরা আবার সদর হাসপাতালে আসি। পরবর্তী পরীক্ষার সময় একটি গুলি, একটি পাথর এবং এক টুকরো কাঠ বের করা হয়। আমার এখনও ব্যথা আছে। ভুক্তভোগী নারী জানান, নির্যাতনের সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলায় বস্তুগুলো সম্পর্কে অবগত ছিলেন না।

ভুক্তভোগী আরও জানান, তিন মাস আগেও তার বাড়িতে হামলা হয়েছিল এবং তখনও তাকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়। সে সময় পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!