ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের ব্যস্ত কূটনৈতিক আলোচনার মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত কথোপকথন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ওই কথোপকথনে মোদিকে কাছে পেয়ে মেলোনিকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত কাপল’। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে মঙ্গলবার (১৬ জুন) জি-৭ জোটের নেতারা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ, ইউক্রেনের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন। তবে এসব আলোচনার মাঝেও নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত আলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কেড়েছে। আর এর মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ‘মেলোদি’।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রুপ ছবির জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর আগে মোদি ও মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানান এবং করমর্দন করেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। ভিডিওর শব্দ স্পষ্ট না হলেও মনে হয়েছে, মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলেছিলেন। এর জবাবে মেলোনি বলেন, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।’
এর প্রায় এক মাস আগে রোম সফরের সময় মোদি মেলোনিকে ভারতের জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ টফির একটি প্যাকেট উপহার দিয়েছিলেন। বহু আলোচিত ‘মেলোদি’ শব্দটির প্রতি ইঙ্গিত করেই তিনি এ উপহার দেন। মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ‘উপহারের জন্য ধন্যবাদ’।
পোস্টে দেখা যায়, মোদি ও মেলোনি দুজনেই হাতে জনপ্রিয় ভারতীয় ক্যান্ডির প্যাকেট ধরে আছেন। ‘ভেরি, ভেরি চকলেটি’ স্লোগানের জন্য পরিচিত ওই টফিকে ঘিরে চলা ইন্টারনেট ট্রেন্ড নিয়ে তারা হাস্যোজ্জ্বলভাবে কথা বলছিলেন। ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাকে উপহার হিসেবে খুব, খুব ভালো একটি টফি দিয়েছেন।’
এরপর মোদি বলেন, ‘মেলোডি’। ‘মেলোদি’ শব্দটি মূলত মেলোনি ও মোদির নামের সংমিশ্রণ। ২০২৩ সালে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের পর এটি প্রথম ইন্টারনেটজুড়ে রসিকতা হিসেবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে দুই নেতার আন্তরিক ও অনানুষ্ঠানিক মুহূর্ত নিয়ে তৈরি ভিডিও ও মিম কোটি কোটি বার দেখা হয়েছে।
২০২৪ সালে মেলোনি প্রথমবারের মতো একটি সেলফির সঙ্গে ‘মেলোদি’ শব্দটি ব্যবহার করেন। তখন তিনি এক্সে লিখেছিলেন, ‘হাই ফ্রেন্ডস, ফ্রম #Melodi’। ২০২৫ সালের জুনে জি-৭ সম্মেলনের এক ভিডিও সেলফি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘হ্যালো, ফ্রম দ্য মেলোদি টিম’।
এরপর থেকে বিভিন্ন বৈশ্বিক অনুষ্ঠানে তাদের এমন বন্ধুত্বপূর্ণ মিথস্ক্রিয়া দুই নেতার মধ্যে উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের ধারণাকে আরও জোরালো করেছে। তবে মোদি-মেলোনির সম্পর্ক শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি কার্যকর কূটনীতিরও অংশ।
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে ইতালি ক্রমশ গুরুত্ব পাচ্ছে। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) বাস্তবায়নে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এ প্রকল্পে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রোম।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত মাসে পাঁচ দেশ সফরের শেষ পর্বে রোমে গিয়ে মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন মোদি। সেখানে তারা ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন এবং নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
কালের সমাজ/এসআর

