ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেছেন, মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওসি জানান, থানার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক ৬০ হাজার টাকা নেওয়ার যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের কারণেই তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, গত ডিসেম্বর থেকে চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মাদকসংক্রান্ত ৪১টি মামলা হয়েছে। অভিযানে ৪.৪৬৫ কেজি গাঁজা, ১,৩৭২ পিস ইয়াবা, ১৪০ পিস ট্যাপেনটাডল, ১৯ বোতল ফেন্সিডিল ও ১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় নগদ টাকা, স্বর্ণালংকার, যানবাহন, বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ককটেলও।
ওসি জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান আপোসহীন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতাও জরুরি।
কালের সমাজ/কে.পি

