পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাতামুহুরী কলেজ। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘদিন ধরে লামা ও পার্শ্ববর্তী আলীকদম উপজেলার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর শিক্ষার আলো ছড়িয়ে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই প্রতিষ্ঠানটি বর্তমানে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।
বুধবার (১৭ জুন) শিক্ষা অনুসন্ধানে জানা গেছে,লামা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত সরকারি মাতামুহুরী কলেজ প্রতিষ্ঠার পর থেকে প্রত্যন্ত পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলেজটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এবং স্নাতক (ডিগ্রি) পর্যায়ের পাঠদান চালু রয়েছে।
তবে দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও সচেতন মহলের দাবি এই কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা হোক। তাদের মতে, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরবর্তী জেলা শহর বা অন্যত্র যেতে হয়, যার ফলে অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়।
স্থানীয়দের দাবি, সরকারি মাতামুহুরী কলেজে অনার্স ও মাস্টার্স চালু করা হলে লামা, আলীকদমসহ আশপাশের দুর্গম এলাকার শত শত শিক্ষার্থী নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতে শিক্ষার হার বৃদ্ধি, নারী শিক্ষার প্রসার এবং পার্বত্য এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
কলেজটির প্রতিষ্ঠাতা কমিটির সদস্য, সাংবাদিক এম রুহুল আমিন বলেন, “সরকারি মাতামুহুরী কলেজে অনার্স ও মাস্টার্স চালু করা সময়ের দাবি। এই অঞ্চলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের অপেক্ষায় রয়েছে। সরকারি উদ্যোগে এখানে অনার্স ও মাস্টার্স চালু হলে প্রতি বছর শত শত শিক্ষার্থী উপকৃত হবে এবং পার্বত্য অঞ্চলে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।তিনি আরও বলেন, “লামা ও আলীকদম উপজেলার ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করে এই কলেজকে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা পেলে দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন সম্ভব হবে বলে দাবি জানান তিনি।
শিক্ষাবিদদের মতে, একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো মানসম্মত শিক্ষা বিস্তার। সরকারি মাতামুহুরী কলেজে অনার্স ও মাস্টার্স চালু হলে শুধু শিক্ষার সুযোগই বাড়বে না, বরং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন লামা সরকারি মাতামুহুরী কলেজে জরুরী অনার্স ও মাস্টার্স কোর্স চালুর জন্য প্রয়োজনীয় সরকারি নির্দেশনা প্রদানের দাবি জানান।
কালের সমাজ/কে.পি

