ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর অতর্কিত গুলি, হতাহত ৫

স্পোর্টস ডেস্ক | জুন ১৯, ২০২৬, ১২:৪৩ পিএম যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর অতর্কিত গুলি, হতাহত ৫

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবারে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া ওই এলাকায় পৃথক আরও কয়েকটি স্থানে একই ধরনের হামরা হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় ৫ মাইল এলাকাজুড়ে অন্তত পাঁচটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ঘটে ইন্টারস্টেট ৭০ ও ৬৭০ মহাসড়কে, যা শহরের কেন্দ্র দিয়ে গেছে। প্রতিটি গোলাগুলির ঘটনাই অ্যারোহেড স্টেডিয়াম থেকে কমপক্ষে ৪ মাইল দূরে ঘটেছে, যেখানে আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ জিতেছিল।

ঘটনার সময় উবারে থাকা আর্জেন্টিনার দুই সমর্থক জানান, একটি গাড়ি পাশে এসে তাদের গাড়িতে দুটি গুলি ছোড়ে, এতে চালক পায়ে গুলিবিদ্ধ হন। প্রথমে তারা ভেবেছিলেন টায়ার ফেটে গেছে, পরে বুঝতে পারেন গুলি লেগেছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক, একজন অপ্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর রয়েছেন। তাদের সবাইকে নেয়া হয়েছে হাসপাতালে। একজন প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর হলেও অন্যদের অবস্থা স্থিতিশীল। পরবর্তীতে ট্রুম্যান রোড এলাকায় আরেকটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ একজন চালককে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ধারণা করছে, এই হামলাগুলো একই সন্দেহভাজন ব্যক্তি ধারাবাহিকভাবে চালিয়েছে এবং ঘটনাগুলো পরস্পর সম্পর্কিত। ভুক্তভোগীরা সবাই জানিয়েছেন, তারা যখন হাইওয়ে বা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তখন তাদের গাড়িতে এক বা একাধিক গুলি চালানো হয়।

ঘটনার পর সন্দেহভাজন ২২ বছর বয়সী এক পুরুষকে একটি বাড়িতে অবস্থানরত অবস্থায় শনাক্ত করা হলেও পরে সে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ওই ব্যক্তিকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে উল্লেখ করে এলাকায় সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ।

কালের সমাজ/এসআর

Link copied!