ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

হ্যাটট্রিক গােলের পরই বড় যে ঘোষণা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক | জুন ১৮, ২০২৬, ১২:৩৪ পিএম হ্যাটট্রিক গােলের পরই বড় যে ঘোষণা দিলেন মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে তিনটি গোল করে তিনি আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ে মূল নায়ক হয়ে ওঠেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন এই আর্জেন্টাইন মহাতারকা, ছুঁয়ে ফেলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের দীর্ঘদিনের রেকর্ড। এমন অর্জনের পর স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনায় আসে মেসিকে কি ২০৩০ বিশ্বকাপে দেখা যাবে?

ম্যাচ শেষে সেই প্রশ্নের উত্তরও পরিষ্কার করে দেন মেসি নিজেই। সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি হাসিমুখে সরাসরি জানিয়ে দেন, না, না, সেটা নিশ্চিতভাবেই নয়। তার এই মন্তব্য কার্যত ২০৩০ বিশ্বকাপ নিয়ে চলমান জল্পনায় আপাতত ইতি টেনে দেয়।

২০২৬ বিশ্বকাপেই মেসির জন্য তৈরি হয়েছে এক অনন্য অধ্যায়। এই আসরেই তিনি পুরুষ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেয়ার বিরল কীর্তি গড়েছেন (যদিও গত রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সেই তালিকায় যুক্ত হয়েছেন)। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর টানা ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ প্রতিটি আসরেই আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছেন তিনি। ২০২৬ সালে ৩৯ বছর বয়সেও তার পারফরম্যান্স দেখে অনেকেই আশা করেছিলেন, হয়তো বয়সকে হার মানিয়ে আরও একবার ২০৩০ বিশ্বকাপেও দেখা যাবে তাকে। তবে সেই সম্ভাবনাকে নিজেই নাকচ করলেন মেসি।

বিশ্বকাপ থেকে অবসর নিয়ে এমন সিদ্ধান্ত জানালেও ফুটবল খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত আগেও দিয়েছেন তিনি। মেসির ভাষায়, শরীর যত দিন সাড়া দেবে, তত দিনই তিনি মাঠে থাকবেন। বয়স নয়, নিজের শারীরিক সক্ষমতা এবং মাঠে স্বাচ্ছন্দ্যবোধ এই দুটোকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তবে বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে সপ্তমবার নামার সম্ভাবনা তিনি আর দেখছেন না।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেন মেসি। তিনি জানান, দল ভালো অবস্থায় আছে এবং প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে লড়াই করছে। তার মতে, বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই, কারণ প্রতিটি ম্যাচই কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসে।

আর্জেন্টিনার লক্ষ্য এখন স্পষ্ট ২০২২ কাতার বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। উত্তর আমেরিকার মঞ্চে সেই শিরোপা ধরে রাখতে হলে কেবল মেসির নৈপুণ্য নয়, পুরো দলের ধারাবাহিক পারফরম্যান্সও জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা। আলজেরিয়ার বিপক্ষে জয়ে সেই অভিযানের শুরুটা অবশ্য বেশ আত্মবিশ্বাসীভাবেই করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ২০৩০ বিশ্বকাপ নিয়ে ‘না’ বললেও মেসির সামনে এখনো একটি বড় ব্যক্তিগত লক্ষ্য রয়ে গেছে। আর মাত্র একটি গোল করলেই তিনি ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে জায়গা করে নেবেন। ফলে বিদায়ের আগে আরও একটি রেকর্ড গড়ার অপেক্ষায় এখন ফুটবল বিশ্বের চোখ এই আর্জেন্টাইন মহাতারকার দিকেই।

কালের সমাজ/এসআর

Link copied!