পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, ফল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করতে পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুরের উদ্যোগে খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
কৃষিই সমৃদ্ধি, করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন উপজেলার কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক মাহামুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এবং জেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দীন বাচ্চু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান পুষ্টি চাহিদা পূরণে ফলের উৎপাদন বৃদ্ধি অপরিহার্য। একই সঙ্গে ফল সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকের আয় বাড়ানো সম্ভব।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফল, ফলের চারা, কৃষি প্রযুক্তি এবং ফলভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি বিশেষজ্ঞরা ফল চাষের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, আগামী তিন দিন মেলায় ফল চাষ ও সংরক্ষণবিষয়ক নানা তথ্যসেবা, প্রদর্শনী এবং কৃষকদের জন্য পরামর্শ কার্যক্রম চলবে। মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে ফল চাষের আগ্রহ বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা তৈরির প্রত্যাশা করা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

