ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে `সুরসম্রাট` ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে সঙ্গীত জাদুঘর` স্থাপিত হতে যাচ্ছে। গত সোমবার (২২/৬/২৬) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম নবীনগরের শিবপুরে ওস্তাদজীর জন্মভূমি পরিদর্শনে আসেন। এ সময় তাঁর সঙ্গে অধিদপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিমের সদস্যরা শিবপুর আলাউদ্দিন খাঁ-র বাড়ি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে এ নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকালের সাংবাদিক মাহাবুব আলাম লিটন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপু, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সংশ্লিষ্টরা জানান-"সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশে ওস্তাদজীর জন্মভূমি শিবপুরে তাঁরই নামানুসারে `ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর` নামে সঙ্গীতের ওই বহুল প্রত্যাশিত `মিউজিয়াম` নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"
মতবিনিময় শেষে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আগত প্রতিনিধি দলের প্রধান ডক্টর নাহিদ সুলতানা জানান-"নবীনগর থেকে ফিরে গিয়েই তিনি এ বিষয়ে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবেন। বিষয়টি পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হবে। এরপরই প্রতিমন্ত্রী মহোদয় শিবপুরে ওস্তাদজীর জন্মভূমি পরিদর্শনে আসবেন। তার পরই শিবপুরে `ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর` স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।"
উল্লেখ বিশ্বনিন্দিত সংগীজ্ঞ সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ স্থানীয় মানুষের জন্য শিবপুরে তার বাড়িতে একটি পুকুর এবং পাকা মসজিদও তৈরী করে দেন। আলাউদ্দিন খাঁ ভারতের মাইহারে আজীবন বসবাস করেন। সেখানেই তৈরি করেন নিজের বাড়ী `মদিনা ভবন`। এ মদিনা ভবনে ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর সংগীত ভবনের কিংবদন্তি পুরুষ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ইন্তেকাল করেন। অথচ এই বিশ্ব বিখ্যাত সুর সম্রাটের জন্মভূমি নবীনগরের শিবপুর এখনও রয়ে গেছে অবহেলিত। ওস্তাদ আলাউদ্দিন খান নামে কালচারাল কমপ্লেক্স’ নির্মাণসহ স্মৃতি রক্ষার্থে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। সাবেক ইউএনও একরামুল সিদ্দিক শিবপুরে আলাউদ্দিন খাঁ-র মা-বাবার কবর সংস্কার এবং সুর সম্রাটের ভাস্কর্য নির্মাণ করেন।
বর্তমানে শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাবা-মায়ের কবর, বড় ভাই ফকির আফতাব উদ্দিন খাঁর সমাধি, সুর সম্রাটের হাতে স্থাপিত মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তার নামে প্রতিষ্ঠিত কলেজ ছাড়া তেমন কিছু নেই। তবে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত জাদুঘর’ এখনও নির্মাণ হয়নি। কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে.এম. মামুনুর রশিদ বলেন- "৫৩ বছরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই কলেজটি জাতীয়করণ করা হোক এবং তার নামে একটি মিউজিয়াম দ্রুত নির্মাণ করা হউক।
কালের সমাজ/কে.পি

