সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতি করছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে যুবদল নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ মিছিল বের করেছে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা যুবদল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কে.এম জামালের নেতৃত্বে মাধাইয়া বাস স্টেশন থেকে মিছিলটি বের করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ ঘুরে চান্দিনা উপজেলা গেইট দিয়ে বাজার হয়ে পালকি সিনেমার সামনে শেষ হয়। মিছিল শেষে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাওলানা আবুল খায়ের।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান মুন্সি, যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, মহিচাইল ইউনিয়ন যুবদল সভাপতি মো. মিজানুর রহমান, মাইজখার ইউনিয়ন যুবদল সভাপতি আবদুল আহাদ, কেরণখাল ইউনিয়ন যুবদল সভাপতি মো. নাছির হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা।
কালের সমাজ/কে.পি

