আগামী ২৮ জুন ২০২৬ সারা দেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ডিএসসিসি এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।
২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শিশুস্বাস্থ্যে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই জাতীয় কর্মসূচির সফল বাস্তবায়নে গণমাধ্যমসহ সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

সভায় আরও জানানো হয়, সরকারের সরবরাহকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষিত এবং শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। এ বিষয়ে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ক্যাম্পেইনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

