রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ-কে ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিসে তাকে আগামী সোমবার দুপুর ৩টায় রাজধানীর সেগুনবাগিচা-য় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।
তবে এর আগে বাসসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে একটি বিতর্কিত অভিযোগ সামনে আসে। অভিযোগ অনুযায়ী, তার ব্যক্তিগত মালিকানাধীন একটি গাড়ি সরাসরি নয়, বরং একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে বাসসে ভাড়া দেওয়া হয়েছিল। ফলে তিনি একই সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এবং সেই প্রতিষ্ঠানের সেবাদানকারী পক্ষের সঙ্গে আর্থিকভাবে সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ ওঠে।
সমালোচকদের মতে, এ ধরনের ব্যবস্থা স্বার্থের সংঘাত (Conflict of Interest) সৃষ্টি করতে পারে, কারণ একজন দায়িত্বশীল কর্মকর্তা নিজের প্রভাব ব্যবহার করে ব্যক্তিগত আর্থিক সুবিধা অর্জনের সুযোগ পেতে পারেন। অভিযোগ ওঠার পর বিষয়টি বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
বর্তমানে দুদক ওই অভিযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় অনুসন্ধান করছে বলে ধারণা করা হচ্ছে। অনুসন্ধানের অংশ হিসেবেই মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
এ বিষয়ে মাহবুব মোর্শেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুদকের অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা ও সম্ভাব্য আইনগত পদক্ষেপ সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।কালের সমাজ/এএইচবি

