ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
আটক ৮৪ ভিক্ষুক-মাদকসেবী

বিমানবন্দর এলাকা ভিক্ষুক মুক্ত করতে অভিযান

কালের সমাজ ডেস্ক | জুলাই ৫, ২০২৬, ০৮:৩২ পিএম বিমানবন্দর এলাকা ভিক্ষুক মুক্ত করতে অভিযান
ছবি সংগ্রহ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৮২জন ভিক্ষুক ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  দীর্ঘদিন ধরে এসব ভিক্ষুক ও ভবঘুরেদের উৎপাত যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথ ঘিরে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ভিক্ষুকের আনাগোনা দেখা যায়। প্রবাসী কিংবা বিদেশি যাত্রী দেখলেই তারা ঘিরে ধরে ভিক্ষা চান। স্থানীয়দের অভিযোগ, দেশীয় মুদ্রা নয়, বিদেশি মুদ্রা, বিশেষ করে ডলারই তাদের মূল লক্ষ্য।

এ অবস্থায় শনিবার অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে  ৮২ জনকে আটক করা হয়। এর পরদিন রোববার বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে ভিক্ষুকদের তেমন দেখা যায়নি। তবে রাস্তার পূর্ব পাশে রেলস্টেশনসংলগ্ন এলাকায় দু-একজনকে অবস্থান করতে দেখা গেছে।

রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের গোলচত্বর থেকে পশ্চিম পাশের প্রবেশমুখ পর্যন্ত ভিক্ষুকদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। তবে সেখানে ভ্রাম্যমাণ চা ও পানীয় বিক্রেতাদের অবস্থান ছিল।

ভ্রাম্যমাণ চা-সিগারেট বিক্রেতা সুলাইমান বলেন, এখানে সব সময় অনেক ভিক্ষুক থাকে। গতকাল পুলিশ ধরার পর আজ আর দেখা যাচ্ছে না। কেউ কেউ রাস্তার ওপাশে আছে। দিন-রাত ২৪ ঘণ্টাই তারা দল বেঁধে এখানে ভিক্ষা করে থাকে।

 রাস্তার পূর্ব পাশে রেলস্টেশনসংলগ্ন এলাকায় অবস্থান করা কয়েকজন ভিক্ষুক জানান, শনিবার পুলিশের অভিযানের পর তারা বিমানবন্দরের মূল ফটকের দিকে যাচ্ছেন না।

 স্থানীয়দের ভাষ্য, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ভিক্ষুকদের এমন উপস্থিতি অত্যন্ত দৃষ্টিকটু। তারা প্রবাসী ও বিদেশি যাত্রীদের ঘিরে ধরেন, যা দেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক।

 পুলিশ জানায়, বিমানবন্দর এলাকা ভিক্ষুকমুক্ত করতে শনিবার সকাল থেকে  অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সসংলগ্ন এলাকা, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্র জানায়, অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে আটক করা হয় ৮২ জনকে।

কালের সমাজ/এএইচবি

Link copied!