ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
সুইচ গিয়ার থেকে চাইনিজ কুড়াল

এক ক্লিকে অস্ত্রের জগতে প্রবেশ

কালের সমাজ ডেস্ক | জুলাই ১০, ২০২৬, ১১:০৬ এএম এক ক্লিকে অস্ত্রের জগতে প্রবেশ

এক ক্লিকে অস্ত্রের জগতে প্রবেশ। সুইচ গিয়ার, চাইনিজ কুড়াল কিংবা তলোয়ার। দেশি-বিদেশি ধারালো অস্ত্রের পসরা ভার্চুয়াল প্ল্যাটফরমে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছদ্মনামে এই বাণিজ্য চালায় বেশ কিছু চক্র। অস্ত্রের ছবির কমেন্ট বক্সে অসংখ্য মানুষের উপস্থিতি। আগ্রহীরা দাম জানতে চান প্রকাশ্যেই। কিন্তু দর-কষাকষি আর লেনদেন পর্ব চলে গোপনে। এ খবর দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪।

এক প্রতিবেদনে চ্যানেলটি জানিয়েছে, ‘ব্লেড জোন হাব’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ধারালো অস্ত্র কেনার আগ্রহ দেখাতেই শুরু হয় তাদের ইনবক্স আলাপন। অর্ডার করা হলো দুটি অস্ত্র। তাদের দেয়া নামানুসারে একটির নাম ‘টাইগার’, অন্যটি ‘শেয়াল’। দুটির দাম মোট ৪ হাজার ১০০ টাকা। তাদের শর্ত অনুযায়ী পাঠানো হয় ৮০ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ।

রাজধানীর মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন ফুটপাতে দুদিন পর অপেক্ষা অর্ডার করা অস্ত্র হাতে পাওয়ার। কথা ছিল কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে পণ্য। কিন্তু মোটরসাইকেলে আসা দুই তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, তারাই করেন অস্ত্র ব্যবসা। এরপর ঠিকঠাক বুঝিয়ে দিলেন ধারালো অস্ত্র দুটি। তারা পিস্তলও বিক্রি করেন কি না, জানতে চাইলে দিলেন ‘হ্যা’ সূচক উত্তর।

অনলাইন ঘেটে দেখা যায়, অন্তত ৭টি টিকটক অ্যাকাউন্ট থেকে বিক্রি হচ্ছে ধারালো অস্ত্র। সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ নানা অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা হয় এ ধরনের বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছিনইকারী, কিশোর গ্যাং কিংবা অন্যান্য অপরাধীদের হাতে পৌঁছে দেয়া অনলাইন চক্রের বিষয়ে নজরদারি চালাচ্ছে পুলিশর সাইবার ক্রাইম ও সিটিটিসি ইউনিট। শিগিগির তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।

কালের সমাজ/এসআর

Link copied!