পাহাড়ের ফল মানেই প্রকৃতির নির্মল উপহার। রাসায়নিকের ছোঁয়াহীন এসব ফলের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ বরাবরই আকর্ষণ করে ফলপ্রেমীদের। পাহাড়ি জনপদের অসংখ্য পরিবার ফলচাষের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে।
সাম্প্রতিক বছরগুলোতে ড্রাগন ফলসহ নানা উন্নত জাতের ফলের চাষ পার্বত্য অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
এই সমৃদ্ধ ফলভাণ্ডারের সঙ্গে নগরবাসীর পরিচয় করিয়ে দিতে ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা।
রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় উপস্থিত থাকবেন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সংসদ সদস্যরা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবারের আয়োজনে পার্বত্য তিন জেলার ৩০টি স্টল অংশ নিচ্ছে। মেলার স্টলগুলো সাজানো থাকবে আম, আনারস, কাঁঠাল, কলা, পেঁপে ও বেলের পাশাপাশি রক্তফল (রসকো), রাম্বুটান এবং বুনোবেলের মতো দুর্লভ ও আকর্ষণীয় পাহাড়ি ফলে।
প্রকৃতির অপার বৈচিত্র্য আর পাহাড়ি জনপদের কৃষিসম্ভারের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে এই আয়োজন।
কালের সমাজ/এএইচবি

