রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যত্রতত্র ময়লা-বর্জ্য ফেলা বন্ধে একটি সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে ডিএসসিসির পাঁচটি অঞ্চলের ২২টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে। পুরো এলাকাকে ১০টি ব্লকে ভাগ করে ৩১টি ঝুঁকিপূর্ণ বা ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে। সেখানে সপ্তাহজুড়ে কাজ করবেন ১২০ জন স্বেচ্ছাসেবক যাদের মধ্যে বিডি ক্লিনের ৭০ জন এবং রেড ক্রিসেন্টের ৫০ জন রয়েছেন।

তারুণ্যের হাত ধরে পরিচ্ছন্ন নগর গড়তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ
স্বেচ্ছাসেবকেরা নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে উদ্বুদ্ধ করবেন, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াবেন, ওয়েস্টবিনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবেন এবং প্রয়োজন হলে সতর্কীকরণ নোটিশ প্রদান করবেন। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনের ঘটনায় সিটি কর্পোরেশনকে জরিমানার সুপারিশও করতে পারবেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে মো. জহিরুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ। তিনি উল্লেখ করেন, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করা গেলে শুধু নগর পরিবেশের উন্নয়নই নয়, জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত হবে।
নগর বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ কেবল একটি পরিচ্ছন্নতা অভিযান নয়; এটি নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি সামাজিক আন্দোলন। সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় নগর জীবনে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে উঠলে একটি সভ্য, বাসযোগ্য ও পরিবেশবান্ধব ঢাকা নির্মাণের পথ আরও সুগম হবে।
কালের সমাজ/এএইচবি

