আগামী ২৮ জুন নওগাঁ জেলায় শুরু হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এক মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে জেলার মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে:৬ থেকে ১১ মাস বয়সী: ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল।
১২ থেকে ৫৯ মাস বয়সী: ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল।
জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন,
টিএমএ মমিন (উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ)
ডা. মো. ইসকেন্দার হোসেন (সভাপতি, জেলা ড্যাব)
ডা. মুনির আলী আকন্দ (ডেপুটি সিভিল সার্জন)
গোলাম মো: আজম (উপ-পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ)
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, ক্যাম্পেইনের শতভাগ সফল বাস্তবায়নে ইতিমধ্যে জেলাজুড়ে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেজন্য তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদাত্ত আহ্বান জানান।
কালের সমাজ/কে.পি

