ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল (২২/৬/২৬) রাত ১০টার দিকে কনিকাড়া ব্রিজ সংলগ্ন পৌর মেয়র মার্কেট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবীনগর উপজেলা সভাপতি পদপ্রার্থী হামিদুর রহমান তায়েফ সরকারকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত তায়েফ নবীনগর কলেজ পাড়া (৪ নং ওয়ার্ড) এলাকার কাতার প্রবাসী তোফায়েল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়- তায়েফ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার ও ব্যানার বিভিন্ন স্থানে লাগানোর একটি ভিডিও ভাইরাল হলে তিনি এলাকায় আলোচনায় আসেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন-"নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।" তবে তায়েফকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি।
কালের সমাজ/কে.পি

