ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ধানমন্ডি-হাতিরপুলে ডিএসসিসির মোবাইল কোর্ট ২৪ মামলায় ২৫ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক | জুন ২০, ২০২৬, ০৭:১২ পিএম ধানমন্ডি-হাতিরপুলে ডিএসসিসির মোবাইল  কোর্ট ২৪ মামলায় ২৫ হাজার জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ধানমন্ডি, মিরপুর রোড এবং হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও অবৈধ দখলমুক্তকরণে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ, ২০ জুন ২০২৬ তারিখে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১ এর আওতাধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ধানমন্ডিতে উচ্ছেদ অভিযান

১৮ নম্বর ওয়ার্ডের সাইন্স ল্যাবরেটরি সংলগ্ন হাউজ নং-১, রোড নং-২ এবং ধানমন্ডি-মিরপুর রোডের উভয় পাশের ফুটপাত ও সড়ক থেকে সকল ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে এলাকাটি পরিষ্কার করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৩টি মামলার মাধ্যমে মোট ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

হাতিরপুলে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ অভিযান

অপরদিকে, অঞ্চল-১ এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে বেলা ১১টা থেকে বিকেল আনুমানিক ৩টা পর্যন্ত আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বাজার ও দোকানপাটকে অধিকতর শৃঙ্খলার আওতায় আনতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ২১টি মামলায় মোট ২২,২০০ (বাইশ হাজার দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দিনব্যাপী পরিচালিত এ দুটি অভিযানে পৃথক স্থানে সর্বমোট ২৪টি মামলার মাধ্যমে ২৫,২০০ (পঁচিশ হাজার দুইশত) টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর পরিচ্ছন্নতা, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, কার্যকর মশক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/এএইচবি

Link copied!