ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রূপ নিয়েছে এক ভয়াবহ মৃত্যুফাঁদে

যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে চনপাড়া-ডেমরা সেতু

খন্দকার মাসুম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | জুন ৮, ২০২৬, ১১:৩৯ এএম যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে চনপাড়া-ডেমরা সেতু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর দাঁড়িয়ে থাকা চনপাড়া-ডেমরা সেতুটি এখন শুধু একটি ঝুঁকিপূর্ণ অবকাঠামো নয়, এটি রূপ নিয়েছে এক ভয়াবহ মৃত্যুফাঁদে। প্রতিদিন শত শত নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থী মৃত্যুকে সঙ্গী করেই এই সেতু পার হচ্ছে।

সেতুর পিলার ফাঁটা, রড বেরিয়ে যাওয়া, প্লাস্টার খসে পড়া এবং কাঁপতে থাকা কাঠামো সব কিছুই যেন ঘণ্টা বাজিয়ে ঘোষণা দিচ্ছে ধসে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা।এই সেতু দিয়ে যারা চলাচল করেন, তারা একপ্রকার প্রতিদিন মৃত্যুকে পেছনে ফেলে গন্তব্যে পৌঁছান। এ যেন জীবন নিয়ে এক ভয়াবহ লটারিতে অংশগ্রহণ।

স্থানীয়রা বলেন, যেকোনো দিন একটা বিকট শব্দে সেতুটি ধসে পড়বে, এরপর আমরা কেবল মৃতদেহ খুঁজে ফিরব।

প্রায় তিন দশক আগে নির্মিত এই সেতুটি এক সময়কার আঞ্চলিক গর্ব হলেও এখন তা হয়ে উঠেছে অবহেলার প্রতীক। এলজিইডি সেতুটিকে বহু বছর আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টাঙালেও আজ অবধি নেয়নি কোনো কার্যকর ব্যবস্থা। এতদিন শুধু সাইনবোর্ড লাগিয়ে দায় সারা ছাড়া আর কিছুই হয়নি।এখনতো সাইনবোর্ড আর দেখা যায়না ভেঙে পড়েছে।ভারী যানবাহন না চলাচল করার জন্য লোহার পাইপ দিয়ে দেওয়া হয়েছিল ব্যারিকেড এখন সেটিও নেই ।

তাই কোনো বাধা ছাড়াই চলাচল করে ভারী যানবাহন। সেতুর ওপর দিয়ে যখন ভারী ট্রাক বা বালুবাহী যানবাহন যায়, তখন পুরো সেতু দুলে ওঠে। নিচে দাঁড়িয়ে থাকা মানুষ ও আশপাশের দোকানিদের মুখে তখন শুধুই এক শব্দের ভয়।

১৯৯১ সালে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি মাত্র কয়েক বছরের ব্যবধানে ফাটল ধরে। এরপর থেকে প্রতি বছরই অবস্থা আরও খারাপ হচ্ছে। ২০১২ সালের পর থেকে রেলিং ও পিলার খসে পড়ার ঘটনা ঘটলেও তা মেরামতের কোনো উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেতুর নিচ দিয়ে বাল্কহেডের ধাক্কায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে পিলারগুলো।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নতুন সেতুর পরিকল্পনা রয়েছে। আশা করছি শিগগিরই কাজ শুরু হবে।

এ সেতুর বর্তমান অবস্থা দেখে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সময় ভেঙে পড়তে পারে পুরো সেতু। আর একবার ধসে পড়লে শুধু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাই বিচ্ছিন্ন হবে না, বিপুল প্রাণহানির ঘটনাও ঘটবে, যা গোটা দেশকে কাঁপিয়ে দেবে।

কালের সমাজ/এসআর

Link copied!