রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে অন্তত দুটি বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হয়। আরও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সন্ধ্যার পর দুর্বৃত্তরা স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এগুলো প্রকৃতপক্ষে বোমা নাকি ককটেল—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রটি আরও জানায়, নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে এগুলোতে শক্তিশালী বিস্ফোরক থাকার আলামত মিলেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।
কালের সমাজ/কে.পি

