ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম ইউনিয়নের জল্লি গ্রামের বাসিন্দা ও জীবনগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিজয় দেবনাথের স্ত্রী মুক্তা রাণী দেবনাথ (২২) ও তাদের একমাত্র পুত্র সন্তান উৎসব দেবনাথ (৪) গত তিনদিন যাবত নিখোঁজ রযেছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার দিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডি নম্বর- ১২৪৮, তারিখ ২২/৭/২৬। গত তিনদিনেও নিখোঁজ হওয়া মা ছেলের সন্ধান পাওয়া যায় নাই। তবে ঘটনাটি অপহরণ নাকি পরকিয়া এ নিয়েও স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা চলছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়- উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লি গ্রামের বিজয় দেবনাথের স্ত্রী মুক্তা রাণী দেবনাথ (২২) ও তাদের একমাত্র পুত্র সন্তান উৎসব দেবনাথ (০৪) গত বুধবার (২২ জুলাই ) সকালে বাড়ি থেকে বাজারে বের হয়ে আর ফিরে আসেনি।
স্বামী বিজয় দেবনাথ জানান-পাঁচ বছর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা মুক্তা রাণীর সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে উৎসব নামে চারবছর বয়সী তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। গত বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে তার স্ত্রী মুক্তা রাহাত আলী শাহ্`র মাজারে যাওয়ার কথা বলে ছেলে উৎসকে নিয়ে বের হয়। এরপর গত তিনদিনেও আর বাড়ি ফিরেনি। এ তিনদিন অনেক খোঁজাখুজি করেও স্ত্রী ও ছেলের সন্ধ্যান পাচ্ছেন না। তবে নবীনগর থানায় নিজে বাদী হয়ে এ বিষয়ে প্রতিকার চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।
এ বিষয়ে ঐ গ্রামের একাধিক ব্যক্তি জানান- ঘটনাটি দুঃখজনক। এ ঘটনাটি নিয়ে স্থানীয় অভিভাবকদের মাঝে বেশ উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। এটি আসলেই অপহরণ নাকি পরকিয়া এ প্রশ্ন নিয়েও এলাকায় এখন ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ আজ (২৪/৭/২৬) জানান- এ ঘটনায় নিখোঁজ মুক্তার স্বামী বিজয় দেবনাথ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। তবে ঘটনাটি অপহরণ নাকি পরকিয়া সেটি তদন্তের পরই সবার নিকট স্পষ্ট হবে।
কালের সমাজ/কে.পি

