ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

হারিয়ে যাচ্ছে ডাকাতিয়া নদীর চিরচেনা রূপ, নিজ উদ্যোগে নদী পরিষ্কারে রাজা

জেলা প্রতিনিধি, চাঁদপুর | জুলাই ২৪, ২০২৬, ০৫:৩১ পিএম হারিয়ে যাচ্ছে ডাকাতিয়া নদীর চিরচেনা রূপ, নিজ উদ্যোগে নদী পরিষ্কারে রাজা

চাঁদপুরের ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদী কচুরিপানার দখলে পড়ে হারাতে বসেছে তার প্রাকৃতিক সৌন্দর্য ও নাব্যতা। নদীতে জমে থাকা কচুরিপানা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ। একসময় যে নদী দিয়ে ট্রলার, স্পিডবোটসহ বিভিন্ন ধরনের নৌযান চলাচল করত, বর্তমানে নদীর বিভিন্ন অংশ কচুরিপানায় ঢেকে যাওয়ায় সেই চিত্র অনেকটাই অতীত।
 

এমন পরিস্থিতিতে ফরিদগঞ্জ অমি স্মৃতি মিনি শিশু পার্কের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক রাজা নিজ উদ্যোগে ফরিদগঞ্জ বেইলি ব্রিজের নিচে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু করেছেন। তার এই উদ্যোগে নদীর একটি অংশে পানিপ্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে এবং ফিরে আসছে নদীর হারিয়ে যাওয়া সৌন্দর্যের কিছুটা ছাপ।
 

আব্দুর রাজ্জাক রাজা বলেন, ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানে কচুরিপানা আটকে থাকায় সেগুলো স্বাভাবিকভাবে সরে যেতে পারছে না। ফলে ধীরে ধীরে নদীর বিভিন্ন অংশ কচুরিপানায় ভরে যাচ্ছে। তিনি বলেন, শুধু একজনের পক্ষে পুরো নদী পরিষ্কার করা সম্ভব নয়। নদীর দুই পাড়ের বাসিন্দা, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসন সম্মিলিতভাবে এগিয়ে এলে পুরো ডাকাতিয়া নদী কচুরিপানামুক্ত করা সম্ভব হবে।
 

স্থানীয়দের মতে, ডাকাতিয়া নদী শুধু একটি জলাধার নয়, এটি ফরিদগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ। নদীটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। তাদের আশা, সম্মিলিত উদ্যোগে ডাকাতিয়া নদী আবারও ফিরে পাবে তার পুরোনো প্রাণচাঞ্চল্য, নাব্যতা ও সৌন্দর্য। 

কালের সমাজ/কে.পি

Link copied!