ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় যুবক অপহরণ ও নির্যাতনের অভিযোগ, ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে মুক্তিপণ আদায়

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৪, ২০২৬, ০৯:২৫ পিএম নওগাঁয় যুবক অপহরণ ও নির্যাতনের অভিযোগ, ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে মুক্তিপণ আদায়

নওগাঁ সদর উপজেলায় এক যুবককে অপহরণ করে নির্যাতন, ফাঁকা ব্যাংক চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনাটি গত রোববার (১৯ জুলাই) সদর উপজেলার আনন্দনগর পদ্মবিলা মোড় এলাকায় ঘটে।
ভুক্তভোগী মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর উত্তরপাড়া গ্রামের কছিমদ্দিনের ছেলে মো. সোহেল রানা জানান, ব্যক্তিগত কাজে আদালতে যাওয়ার পর তিনি আনন্দনগর এলাকায় অবস্থিত এম এস ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি অফিসে যান। বিকেল প্রায় ৪টার দিকে সেখানে অবস্থানকালে আলতাব হোসেন, আব্দুল খালেক, মো. খলিলসহ অজ্ঞাতনামা ১০–১৫ জন তাকে জোরপূর্বক তুলে নিয়ে নওগাঁর পাটালী মোড় এলাকার একটি রিকশা গ্যারেজে আটকে রাখেন।
তার অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি এবি ব্যাংক, নওগাঁ শাখার একটি ফাঁকা চেক এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
সোহেল রানার স্ত্রী সমাপ্তি জানান, তার স্বামীকে জিম্মি করে নির্যাতনের একপর্যায়ে তাকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ৫০ হাজার টাকা দেওয়ার পর সেদিন রাতেই তার স্বামীকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী সোহেল রানা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জোরপূর্বক স্বাক্ষর নেওয়া চেক ও স্ট্যাম্প উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আলতাব হোসেনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নওগাঁ সদর থানার (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যেহেতু ফাঁকা ব্যাংক চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে, তাই ভুক্তভোগীকে আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!