ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনাল ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু

স্পোর্টস ডেস্ক | জুলাই ১৯, ২০২৬, ১১:৫৩ পিএম বিশ্বকাপ ফাইনাল ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু

বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ বিনোদনেরও আয়োজন করেছে ফিফা। ম্যাচের আগে ও বিরতিতে বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনায় জমে উঠবে ফাইনালের আসর।

ফিফার আয়োজনে এবারের ফাইনালকে ঘিরে ক্রীড়া ও সংস্কৃতির এক ব্যতিক্রমী সমন্বয় দেখা যাবে। উদ্বোধনী পরিবেশনা থেকে শুরু করে বিরতির বিশেষ অনুষ্ঠান—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে নানা চমক।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এর প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন মার্কিন র‌্যাপার ও গায়ক পোস্ট মালোন।

এছাড়া মঞ্চে থাকবেন ইতালীয় শিল্পী লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী গায়িকা জেনিফার হাডসন।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে ‘হাফটাইম শো’। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটির সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

প্রথমার্ধ শেষে ১৫ মিনিটের প্রচলিত বিরতির পরিবর্তে ১৭ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে এই পরিবেশনার জন্য। মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, জাস্টিন বিবার এবং আফ্রোবিট তারকা বার্না বয়। এছাড়া বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের নেতৃত্বে থাকবে অর্কেস্ট্রা পরিবেশনা। শিশু দর্শকদের জন্য হাজির হবে ‘সেসামি স্ট্রিট’ ও ‘দ্য মাপেটস’-এর পরিচিত চরিত্রগুলো।

টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৫৯৫ মার্কিন ডলার। মাত্র তিন দিনের ব্যবধানে টিকিটের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, টিকপিক জানিয়েছে, ফাইনালের একটি টিকিট কিনতে গড়ে ব্যয় হয়েছে ১১ হাজার ৩২৭ ডলার। যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এটি সর্বোচ্চ গড় টিকিটমূল্য হিসেবে বিবেচিত হচ্ছে, যা সুপার বোল ও এনবিএ ফাইনালের গড় মূল্যকেও ছাড়িয়ে গেছে।

ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।

বিশ্বকাপ চলাকালে ট্রাম্প মাঠের বাইরে বিভিন্ন আলোচনারও জন্ম দেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনাকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলাধুলায় রাজনৈতিক প্রভাব নিয়ে নানা মহলে সমালোচনা দেখা দেয়।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ ফাইনাল সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টিভির পর্দায়।

 

কালের সমাজ/ওজি

Link copied!