ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

বান্দরবান জেলা প্রতিনিধি | জুলাই ২০, ২০২৬, ০৫:২৭ পিএম বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ  এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।

সোমবার (২০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে গিয়ে শেষ হয়, পরে সেখানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজ্জিট্রেট জয়া দত্ত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য বৃক্ষরোপনের বিকল্প কিছুই নেই। আমাদের আরো পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে, আর তার সঠিক পরিচর্যা করতে হবে। বক্তারা আরো বলেন, যে কোন গাছ বড় হলে ও বয়স হলে অবশ্যই তাকে কর্তন করতে হবে, তবে শুন্যস্থানে আবার নতুনভাবে বৃক্ষ লাগাতে হবে।

আয়োজকেরা জানান, ২০ জুলাই থেকে ২৭ জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা চলবে, আর এবারের মেলায় ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন রকমের চারা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল মেলায় অংশ নিচ্ছে।

কালের সমাজ/কে.পি

Link copied!