প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগীদের প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকের শুরুতে সরকার দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যখাতে গত পাঁচ মাসে নেওয়া পদক্ষেপ ও অর্জন সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় কর্মকর্তারা স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসক উপস্থিত থাকা সত্ত্বেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ নিয়েও আলোচনা হয়। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে যেন মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চিকিৎসা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা আরও বাড়াতে হবে। বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো ৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এজন্য প্রয়োজনীয় দক্ষ জনবল ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

