ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চীনের কুনমিংয়ে আন্তর্জাতিক বিজনেস এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিলেন এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | জুলাই ২০, ২০২৬, ০৪:৫০ পিএম চীনের কুনমিংয়ে আন্তর্জাতিক বিজনেস এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিলেন এমপি সেলিমুজ্জামান

চীনের কুনমিং (Kunming City)-এ আন্তর্জাতিক ব্যবসা, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে অনুষ্ঠিত “Going Global, Bringing In” Global Legal & Business Alliance-এর উদ্বোধনী সম্মেলন ও বিজনেস এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI)-এর পরিচালক এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এমপি।

এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, আইন বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তারা অংশ নেন। বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণ, সীমান্তপারের বিনিয়োগ, আইনি সহযোগিতা, শিল্প উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI)-এর পরিচালক হিসেবে এমপি সেলিমুজ্জামান সেলিম সম্মেলনে বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য সম্প্রসারণ এবং চীন-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প, বাণিজ্য, অবকাঠামো এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করা সম্ভব। এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনের পাশাপাশি আয়োজিত বিজনেস এক্সচেঞ্জ সেশনে বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি সেলিমুজ্জামান সেলিম। এ সময় সম্ভাব্য যৌথ বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং বাণিজ্যিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এমপি সেলিমুজ্জামান সেলিমের এই আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। 

কালের সমাজ/কে.পি

Link copied!