২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে ভাসছে পুরো স্পেন। এই ঐতিহাসিক অর্জনের মুহূর্তে নিজের ফুটবল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম উচ্চারণ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস। ফাইনাল ম্যাচ শেষে ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এই সাফল্য তাকে উৎসর্গ করেছেন এই তরুণ তারকা।
রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিশ্বজয়ের নায়ক ফেরান তোরেস হলেও, সেই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল নিকো উইলিয়ামসের। ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে নিকোর নিখুঁত এক হেড পাস থেকেই ফেরান তোরেস বল জালে জড়িয়ে স্পেনকে এনে দেন কাঙ্ক্ষিত জয়।
ম্যাচ শেষে আবেগাপ্লুত নিকো স্প্যানিশ গণমাধ্যমকে বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি তিনি আমাদের এই ম্যাচ দেখেছেন। এই শিরোপার একটি অংশ আমি তার উদ্দেশেই উৎসর্গ করছি।’ নেইমারের খেলার ধরন ও ব্যক্তিত্ব যে নিকোর ফুটবল দর্শনে কতটা প্রভাব ফেলেছে, তার এই বক্তব্যে আবারও স্পষ্ট হলো।
ফাইনালে কেবল অ্যাসিস্ট নয়, নিকো ছিলেন স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রাণভোমরা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তিনি একবার বল জালে পাঠিয়েছিলেন। তবে সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। ব্যক্তিগত গোল বাতিল হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে নিকো বলেন, ‘গোলটি বাতিল হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বিশ্বকাপ জিতেছি। দলের সাফল্যের কাছে ব্যক্তিগত অর্জন বা হতাশার কোনো মূল্য নেই।’
বিশ্বকাপজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে স্পেনের আক্রমণভাগকে শক্তিশালী করেছেন নিকো উইলিয়ামস। ফাইনালেও নিজের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ম্যাচ শেষে নেইমারের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
কালের সমাজ/এসআর

