ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

ভোলার অধিকাংশ সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৪, ২০২৬, ০৫:৪৫ পিএম ভোলার অধিকাংশ সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

ভোলা জেলার অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। সংস্কারের অভাবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পরিবহন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার খেয়াঘাট কাজী ফার্মের সামনের সড়ক, কলঘাট সড়ক, বাগারহাট সড়ক, ওয়াস্টেনপাড়া সড়কসহ জেলার বিভিন্ন সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। 
ফলে প্রায়ই ট্রাক, পিকআপ, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে।

যানবাহন চালকদের অভিযোগ, খারাপ সড়কের কারণে একদিকে যেমন যানবাহনের যন্ত্রাংশ ও বডির ক্ষতি হচ্ছে, অন্যদিকে পণ্য পরিবহনেও অতিরিক্ত সময় ও ব্যয় বাড়ছে। তারা দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন।

এদিকে ভাঙাচোরা সড়কের কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করে নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

কালের সমাজ/কে.পি

Link copied!