ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | জুলাই ১৪, ২০২৬, ১২:৩৮ পিএম শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারেননি।

এ ছাড়া গতকালের পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেননি। এ কারণে তারা পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান।
আন্দোলনরত ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আয়মান বাংলানিউজকে বলেন, আমরা ক্যামব্রিয়ান কলেজ থেকে এসেছি। গতকাল আমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ফিজিক্স ও অ্যাকাউন্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের পরীক্ষা ছিল। আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলাম, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক।
তিনি বলেন, জানানো হয়েছিল, যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে পরীক্ষা স্থগিত করা হবে। কিন্তু রাতভর ও সকালেও বৃষ্টি হওয়ার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। উল্টো আমাদের সঙ্গে দমন-পীড়নমূলক আচরণ করা হয়েছে।

আয়মান আরও বলেন, ফিজিক্স ও অ্যাকাউন্টিং পরীক্ষায় যারা অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে। অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, তাদেরও পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে। তা না হলে এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এদিকে সড়ক অবরোধের কারণে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছিল।

কালের সমাজ/এসআর

Link copied!