ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

স্পোর্টস ডেস্ক | জুলাই ১৪, ২০২৬, ১০:০৩ পিএম সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ফ্রান্স। দলের প্রধান কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, তাদের একমাত্র লক্ষ্য জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা।

এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনবার দলকে ফাইনালে তোলার অনন্য রেকর্ড গড়বেন দেশম। এর আগে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ ২০২২ সালেও দলকে ফাইনালে তুলেছিলেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘স্পেন নিঃসন্দেহে অসাধারণ একটি দল। তবে আমরা নিজেদের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানি। দুই দলই ফাইনালে ওঠার সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করবে।’

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ফ্রান্সের খেলোয়াড়দের বিশ্লেষণ করেছেন উল্লেখ করে দেশম জানান, তারাও প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা নিয়ে বিস্তারিত কাজ করেছে।

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়েও কথা বলেন ফরাসি কোচ। তিনি বলেন, একের পর এক পরিস্থিতিতে ইয়ামালকে থামানো কঠিন। তবে ফ্রান্সের খেলোয়াড়দের সামলানোও প্রতিপক্ষের জন্য সহজ নয়।

স্পেনের খেলার ধরন নিয়ে দেশম বলেন, তারা বল দখলে রাখতে পছন্দ করে, আক্রমণাত্মক প্রেসিং করে এবং রক্ষণেও বেশ সংগঠিত। তাই সেমিফাইনালে বড় বিষয় হবে কোন দল বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারে।

তবে এই ম্যাচকে কোনো প্রতিশোধের লড়াই হিসেবে দেখছেন না দেশম। তার মতে, এটি শুধুই ফাইনালে ওঠার লড়াই, যেখানে দুই দলই নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চাইবে।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের ফিটনেস নিয়েও আশাবাদী ফ্রান্স কোচ। চোটের কারণে কিছুটা সতর্কতা থাকলেও এমবাপ্পে নিয়মিত অনুশীলন করছেন এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলে জানান তিনি।

বোস্টন থেকে ডালাসে দীর্ঘ ভ্রমণের কারণে ক্লান্তির সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেশম বলেন, গ্রুপপর্বে শীর্ষে থাকার কারণে দল পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতির সময় পেয়েছে। ম্যাচের আগে চার দিনের বিশ্রামও পেয়েছে খেলোয়াড়রা।

স্পেনকে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল উল্লেখ করে দেশম বলেন, আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই তারা ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে। তবে ফ্রান্সও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

সম্ভাব্য একাদশ নিয়ে প্রশ্নের জবাবে দেশম জানান, অরেলিয়েন চুয়ামেনি, মানু কোনো, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলার মতো খেলোয়াড়রা ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তাই চূড়ান্ত একাদশ বাছাই করা সহজ সিদ্ধান্ত নয়।

চুয়ামেনির ফিটনেস নিয়ে দেশম বলেন, তিনি এখনো শতভাগ ছন্দে না ফিরলেও মাঠে নামার মতো প্রস্তুত। অন্যদিকে দেজিরে দুয়ে ও বারকোলার মধ্যে কে শুরু করবেন, তা নির্ধারণ করা হবে ম্যাচের কৌশল ও পরিস্থিতি বিবেচনা করে। সূত্র: এএস স্পোর্টস

কালের সমাজ/এসআর

Link copied!