ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় আনোয়ার হোসেন ভূঁইয়া

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | জুলাই ৯, ২০২৬, ০৫:২৪ পিএম সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় আনোয়ার হোসেন ভূঁইয়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২নং পেরিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কাজী জোড়পুকুরিয়া গ্রামের প্রবাসী ব্যবসায়ী ও উপজেলা বিএনপি সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়াকে ঘিরে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয়,রাজনৈতিক সূত্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের ২৭টি গ্রামের শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সড়ক সংস্কার, অসহায় পরিবারের সহায়তা এবং চিকিৎসা ব্যয়ে সহযোগিতার মাধ্যমে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের দাবি,ইতোমধ্যে তিনি যুগীপুকুরিয়া মধ্যমপাড়া জামে মসজিদ, গাংরাইয়া উত্তরপাড়া জামে মসজিদ, বাঁড়াফুলগাঁও জামে মসজিদ, ছাতিয়ারা জামে মসজিদ, শাকতুলী সরদার বাড়ি জামে মসজিদ, শাকতলী মফিজের বাড়ির পাশের জামে মসজিদ, শাকতলী আবুল হাশেম মিয়াজী বাড়ির জামে মসজিদ, আশারকোটা উত্তরপাড়া জামে মসজিদ, শ্রীফলিয়া পূর্বপাড়া জামে মসজিদ, শালুকিয়া মজুমদার বাড়ি জামে মসজিদ, কাজী জোড়পুকুরিয়া গ্রামের দুটি জামে মসজিদ, শিবপুর মজুমদার বাড়ি জামে মসজিদ, চেহরিয়া উত্তরপাড়া জামে মসজিদ এবং কৈয়া উত্তর ও দক্ষিণপাড়া জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ, সিমেন্ট, রড, টিন ও সিলিং ফ্যান প্রদান করেছেন।

এছাড়াও আশারকোটা,ছাতিয়ারা সড়ক সংস্কারে আর্থিক সহায়তা, পদুয়া হাফেজিয়া মাদ্রাসা ও খোশারপাড় হাফেজিয়া মাদ্রাসার নির্মাণকাজে সিমেন্ট, স্টিলের দরজা ও নগদ অর্থ প্রদান, চাঁন্দপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী এক অসুস্থ ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা, ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা আবুল হাসানকে আর্থিক সহায়তা এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবারকে নিয়মিত অনুদান দেওয়ায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এসব মানবিক উদ্যোগ তাকে আলোচনায় এনেছে।

এছাড়া আশারকোটা, শ্রীফলিয়া, কাকৈরতলা, শাকতলী ও যুগীপুকুরিয়াসহ বিভিন্ন গ্রামের অসচ্ছল পরিবারকে ঘর নির্মাণে ঢেউটিন এবং বড়াফুলগাঁও কোরআন শিক্ষার মোক্তব ঘর নির্মাণে ঢেউটিন প্রদান করেছেন বলেও স্থানীয়রা জানান। অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়েও সহায়তার নজির রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

নির্বাচনকে সামনে রেখে আনোয়ার হোসেন ভূঁইয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক করছেন। এসব কর্মসূচিতে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও জনদুর্ভোগের কথা শুনছেন এবং নির্বাচিত হলে উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরছেন।

স্থানীয় ভোটারদের একাংশের ভাষ্য, সৎ, পরিচ্ছন্ন ও জনমুখী নেতৃত্বের প্রত্যাশা থেকে তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন ভূঁইয়াকে ইতিবাচকভাবে দেখছেন। তবে ইউনিয়নে অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত জনগণই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে নির্বাচন ঘিরে পেরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা দিন দিন বাড়ছে। স্থানীয়দের প্রত্যাশা, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন।
আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন,আমি জনগণের শাসক নয় সেবক হতে চাই। চেয়ারম্যান হওয়ার আগে যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম,ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হলে ঠিক সেই ভাবেই সব সময় আপনাদের পাশে থাকবো। সকলে আমার জন্য দোয়া করবেন। 

কালের সমাজ/কে.পি

Link copied!