নওগাঁর মান্দা উপজেলায় সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের গোয়ালপাড়া মোড়ে সড়ক ও জনপথ বিভাগের সড়কের উত্তর পাশে সোনাপুর মৌজার জেএল নং-৪৪-এর ২৮১ নম্বর দাগে ১ নম্বর খতিয়ানভুক্ত ৩৩ শতাংশ সরকারি খাসজমি রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সোনাপুর গ্রামের মৃত সেকেন্দার আলী সরদারের ছেলে এস এম আব্দুস সোবহান (ওরফে আজিজুল) ওই খাসজমির পশ্চিমাংশের একটি অংশ দখল করে সেখানে একটি গরুর খামার নির্মাণ করেছেন।
স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম আলী, কাউসার রহমান, সোনা গাইন, মো. রায়হান ও প্রদীপ কুমার জানান, সরকারি খাসজমিটির মাঝখানে দীর্ঘদিনের একটি বটগাছ রয়েছে। সেখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পূজা-অর্চনা করে আসছেন। তাদের দাবি, সরকারি জমির পশ্চিমাংশে নির্মিত স্থাপনাটি উচ্ছেদ করে খাসজমি উদ্ধার করা হলে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনায় আরও সুবিধা হবে।
অভিযোগের বিষয়ে এস এম আব্দুস সোবহান বলেন, "জমিটি আমরা দখল দেখে ক্রয় করেছি। যার কাছ থেকে কিনেছি, তার দখলেই জমিটি ছিল। ক্রয়ের পর আমরা জমি ভরাট করি এবং কিছুদিন আগে একটি গরুর শেড নির্মাণ করেছি।
এ বিষয়ে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, সরকারি খাসজমি দখলের কোনো সুযোগ নেই। তদন্তে কেউ অবৈধভাবে সরকারি খাসজমি দখল করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের সমাজ/কে.পি

