গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আকস্মিক এ পরিস্থিতিতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে ঈদ-পরবর্তী সময় ও পর্যটন মৌসুমে কক্সবাজারগামী যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনের শমসেরপাড়া এলাকায় অতিবৃষ্টির ফলে রেললাইন প্লাবিত হয়। নিরাপত্তার স্বার্থে ওই অংশ দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেললাইন থেকে পানি না নামা এবং প্রয়োজনীয় কারিগরি পরিদর্শন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামে পৌঁছে ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ে জানায়, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম পর্যন্ত এসে যাত্রা শেষ করে। পরবর্তীতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে ট্রেনটি বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরে যায়।
এ অবস্থায় কক্সবাজারগামী যেসব যাত্রী মাঝপথে আটকা পড়েছেন, তাদের ট্রেনযোগে নিরাপদে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন। স্থগিত হওয়া অন্যান্য ট্রেনের টিকিটের অর্থও একইভাবে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত রেলপথ প্রকৌশলীদের মাধ্যমে পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর প্রয়োজনীয় মেরামত শেষে যত দ্রুত সম্ভব চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
কালের সমাজ/এএইচবি

