ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের তাগিদ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক | জুলাই ২, ২০২৬, ১১:১৮ এএম সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের তাগিদ বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা, ভার্চুয়াল অ্যাসেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম বিস্তৃত করছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে সংস্থাটির বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল বিষয়ক বিতর্কে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ সময় তিনি সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতির পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় বাংলাদেশের শক্তিশালী আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাসবাদ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় নেয়া সব পদক্ষেপ অবশ্যই আইনের শাসন ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পরিচালিত হতে হবে।

তিনি সন্ত্রাসবাদের মূল কারণ মোকাবিলা, ইসলামবিদ্বেষ ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

কালের সমাজ/এসআর

Link copied!