স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ফরিদগঞ্জের হেলথকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালনায় ফরিদগঞ্জে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কালির বাজার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়া ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, ওজন পরিমাপসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। ক্যাম্পে আগত রোগীরা চিকিৎসকদের আন্তরিক সেবা ও পরামর্শে সন্তোষ প্রকাশ করেন।
চিকিৎসাসেবা নিতে আসা একাধিক রোগী বলেন, বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। একজন রোগী বলেন, গ্রামের সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে আমরা অনেক উপকৃত হয়েছি। অপর এক রোগী বলেন, সব সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। আজ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়ে ভালো লাগছে। এমন উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।
হেলথকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এর পক্ষ থেকে জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে নাম নিবন্ধনকারী রোগীদের জন্য হেলথকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা রাখা হয়েছে।
ক্যাম্প সফলভাবে সম্পন্ন করতে চিকিৎসক, স্বেচ্ছাসেবক, সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

