ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে মেয়রের অনুরোধ

জেলা প্রতিনিধি চট্টগ্রাম | জুলাই ৭, ২০২৬, ০৭:২৯ পিএম পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের   নিরাপদ স্থানে  সরে মেয়রের অনুরোধ
ছবি সংগ্রহ

টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি মঙ্গলবার (৭ জুলাই) নগরের বিভিন্ন পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনের সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার এ আহ্বান জানান।

পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং দরকার হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 শাহাদাত হোসেন বলেন, মানুষের জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। পাহাড়ধসের ঝুঁকি উপেক্ষা করে কেউ যেন ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকুন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

 তিনি জানান, বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে।

 এসময় নগরবাসীর প্রতি পাহাড় কাটা এবং পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসতি নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানান মেয়র। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনকে সহযোগিতা করারও অনুরোধ জানান তিনি।

 কালের সমাজ/ এএইচবি

Link copied!