ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম | জুলাই ৭, ২০২৬, ০৭:৪২ পিএম এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে  আটকে আছে পর্যটক এক্সপ্রেস
ছবি সংগ্রহ

রেললাইনের ওপর পানি জমে থাকায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের ষোলশহরে আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।

মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। বেলা সোয়া তিনটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ট্রেনটি আটকে রয়েছে। কবে নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়।

ষোলশহর স্টেশনের পরই জানালিহাট স্টেশন। স্টেশনটির মাস্টার নেজাম উদ্দিন বলেন, রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক একপ্রেসে এক হাজারের মতো যাত্রী রয়েছেন।

স্টেশন মাস্টার নেজাম উদ্দিন আরও বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন এলাকাটি অতিক্রম করেছে। তখনো কোনো সমস্যা হয়নি। তবে এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় রেললাইনের ওপর পানি জমতে শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেন বেলা ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর সময় নির্ধারিত ছিল। এরই মধ্যে সে সময় অতিক্রান্ত হয়েছে। রেললাইনে পানি সরার পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
কালের সমাজ/ এএইচবি

Link copied!