ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ম্যাংগো ডিপ্লোম্যাসি

বাংলাদেশের উপহারের আম পেলেন পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক | জুলাই ১, ২০২৬, ০৩:২৪ পিএম বাংলাদেশের উপহারের আম পেলেন পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৩০ জুন) যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মোট ১১০০ কেজি আম ভারতে পাঠানো হয়। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করা হয়।

পাঠানো আমের মধ্যে বাংলাদেশের সুস্বাদু ও জনপ্রিয় আম্রপালি এবং হাঁড়িভাঙ্গা জাতের আম রয়েছে। এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। 

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ কেবল মৌসুমি ফল উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি দুই প্রতিবেশী দেশের পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। সংস্কৃতি, ঐতিহ্য এবং আন্তরিকতার এই বিনিময় দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

বিশ্লেষকদের মতে, এমন শুভেচ্ছা বিনিময় কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের পাশাপাশি জনগণের মধ্যেও পারস্পরিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেয় এ ধরনের উদ্যোগ। 

ভবিষ্যতেও বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, সংস্কৃতি এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের এই আন্তরিক উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করবে এবং পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলেই সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

কালের সমাজ / এ এইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!